| বঙ্গাব্দ
ad728

বগুড়ায় সাধারণ মানুষের শেষ সম্বল নিয়ে জামায়াত নেতা চম্পট

রিপোর্টারের নামঃ নিরন্তর ডেক্স:
  • আপডেট টাইম : 19-03-2026 ইং
  • 28318 বার পঠিত
বগুড়ায় সাধারণ মানুষের শেষ সম্বল নিয়ে জামায়াত নেতা চম্পট
ছবির ক্যাপশন: সংগ্রহীত

বগুড়া প্রতিনিধি:

ঈদ সামনে রেখে একটু ভালোভাবে খাওয়ার স্বপ্ন—সেই স্বপ্ন পূরণের আশায় সারা বছর কষ্ট করে টাকা জমিয়েছিলেন শত শত পরিবার। কিন্তু শেষ মুহূর্তে এসে সেই স্বপ্নই যেন দুঃস্বপ্নে পরিণত হলো।

বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় ‘ফোর স্টার সঞ্চয় সমিতি’ নামে একটি মাংসভিত্তিক সঞ্চয় প্রকল্প ঘিরে এখন তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এই সমিতির মাধ্যমে প্রায় ৭৭ লাখ টাকা সংগ্রহ করে হঠাৎ করেই গা ঢাকা দিয়েছেন এর তিন পরিচালক।

মঙ্গলবার (১৭ মার্চ) নির্ধারিত দিনে সদস্যরা মাংস নিতে এসে দেখেন, কোনো গরু জবাই করা হয়নি, এমনকি সমিতির দায়িত্বশীলদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না। এতে পুরো এলাকায় সৃষ্টি হয় চরম চাঞ্চল্য।

স্থানীয় সূত্র জানায়, এলাকার আব্দুল হাকিম, আকরাম ও শাহিন মিলে ‘ফোর স্টার বিজনেস সঞ্চয় সমিতি’ গড়ে তোলেন। ঈদকে সামনে রেখে তারা সাপ্তাহিক কিস্তিতে টাকা সংগ্রহ করতেন। সদস্যরা বছরজুড়ে টাকা জমা দিয়ে ঈদের আগে মাংস পাওয়ার আশা করতেন।

সমিতির সঙ্গে যুক্ত ছিল প্রায় ১২০০ থেকে ১৩০০ পরিবার। প্রতিটি কার্ডের মূল্য ছিল ৫ হাজার টাকা, আর অনেক পরিবার একাধিক কার্ডও নিয়েছিল। সব মিলিয়ে জমা হয় প্রায় ৭৭ লাখ টাকা।

সমিতির নিয়ম অনুযায়ী গত রোববার (১৫ মার্চ) মাংস বিতরণের কথা থাকলেও তা হয়নি। পরে নতুন করে মঙ্গলবার দিন নির্ধারণ করা হয়। কিন্তু সেই দিনও কোনো বিতরণ না করে পরিচালকেরা উধাও হয়ে যান।

ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তদের একজন আব্দুল হাকিম স্থানীয়ভাবে একটি রাজনৈতিক সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতা হিসেবে পরিচিত। সেই পরিচয় ব্যবহার করেই তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন এবং এই সমিতি গড়ে তোলেন।

ক্ষতিগ্রস্তদের মধ্যে পারুল নামে এক নারী বলেন,

“আমরা সারা বছর কষ্ট করে টাকা জমিয়েছি, শুধু ঈদের সময় একটু ভালো খাওয়ার জন্য। এখন তারা সব টাকা নিয়ে পালিয়ে গেছে।”

আরেক ভুক্তভোগী আখলি বেগম জানান,

“প্রতি সপ্তাহে ২০০ টাকা করে জমা দিতাম। ভাবছিলাম ঈদে ভালোভাবে মাংস খাবো। এখন মনে হচ্ছে সেই স্বপ্ন আর পূরণ হবে না।”

বর্তমানে সমিতির কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে এবং অভিযুক্তদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মোবাইল ফোনও বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ঘটনায় ক্ষুব্ধ সদস্যরা দ্রুত তাদের সঞ্চিত টাকা ফেরত এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিরন্তর - নিউজ | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় এ এম ইমরান